বগুড়ায় তেলের দামে কারসাজি: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৮:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭২ বার।

বগুড়ার রাজাবাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শনিবার এসব প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। 

 

 

তিনি জানান, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত তেল বিক্রির দায়ে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে সহকারী পরিচালক ব্যবসায়ীদের অতিরিক্ত পণ্য মজুত না করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং নিয়মিত ভাউচার সংরক্ষণের নির্দেশ দেন তিনি।