বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে ৫০ স্বেচ্ছাসেবক
স্টাফ রিপোর্টার
বগুড়া মহানগরে যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন। বুধবার (১ জুলাই) দুপুরে শহরের সাতমাথা ও জিলা স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকান এবং ভ্যান উচ্ছেদ করা হয়। জব্দ করা সামগ্রী সিটি করপোরেশনের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর প্রশাসক এম আর ইসলাম যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার ঘোষণা দেন। সেই উদ্যোগের অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করার এ অভিযান শুরু হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জিলা স্কুল ও সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের ফুটপাতও দখল থাকায় পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তিনি বলেন, সিটি করপোরেশনের কাছে তথ্য রয়েছে, ফুটপাত দখলের পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। অনেক ব্যবসায়ীর মার্কেটে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও বেশি লাভের আশায় তাঁরা ফুটপাতে লোক বসিয়ে বা ভ্যানে অস্থায়ী দোকান পরিচালনা করাচ্ছেন।
পপি খাতুন বলেন, ‘আজ প্রথম দিন হওয়ায় আমরা মূলত সতর্ক করেছি। তবে পরবর্তী সময়ে আরও কঠোরভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে এ অভিযান চলবে।’
ফুটপাত পুনর্দখল ঠেকাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তাঁর ভাষ্য, সিটি করপোরেশনের পক্ষ থেকে শিগগিরই ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ শেষে তাঁরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ফুটপাত যাতে আবার দখল না হয়, সে বিষয়েও নিয়মিত নজরদারি করবেন।