বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালনে কর্মসূচি গ্রহণ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ২০:২৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবসটি পালনে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ (সদর) সদর আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি থাকবেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ বগুড়ার প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাব সভাপতি রোটাঃ রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাশ, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু। সভায় সভাপতিত্ব করবেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল ও স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম।

১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) গঠিত হয়। বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ক্রীড়াক্ষেত্রে তাঁদের অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে ১৯৯৫ সাল থেকে এআইপিএস এর আহবানে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) স্বীকৃতিপ্রাপ্ত ১৬৭টি দেশে এই দিনটি পালিত হয়ে আসছে। অন্যান্য বছরের মতো বংলাদেশেও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বগুড়ায় ২০২৩ সালে আহবায়ক কমিটি ও ২০২৪ সালে পূর্নাঙ্গ কমিটি গঠনের মধ্যে দিয়ে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন ধারবাহিকভাবে ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করে আসছে। এছাড়াও ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া বিষয়ক রিপোর্টারদের সংবর্ধনা ও স্থানীয় ক্রীড়ার উন্নয়নে করনীয় বিষয়ে অবদান রেখে চলেছে।