ধুনট থেকে নন্দীগ্রাম যেয়ে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ১৮:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৯ বার।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বিষপানে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ব্যক্তি হলেন বগুড়ার ধুনট উপজেলার শ্রীরামপুর গ্রামের মরহুম জর্জিস হোসেনের ছেলে আজাহার আলী (৫০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাত আনুমানিক ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ স্টেশনের নিকট বিষপান করেন আজাহার আলী। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহ এবং মাথার ওপর ঋণের চাপ সহ্য করতে না পেরে আজাহার আলী নন্দীগ্রামে এসে বিষপান করেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।