৬ দফা দাবিতে বগুড়া শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
ছয় দফা দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে তারা কর্মবিরতিতে যান। এ সময় হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেন তারা।
আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএসের ভর্তি পরীক্ষার ফি ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকায় উন্নীত করা।
এ ছাড়া ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধনে শজিমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়ামুল বলেন, সারা দেশের মেডিকেল কলেজগুলোর ইন্টার্ন চিকিৎসকেরা একযোগে কর্মবিরতিতে গেছেন।
তিনি বলেন, আমাদের ভাতা ৩০ হাজার টাকা এবং মিড-লেভেল ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে। একই সঙ্গে বিসিপিএসের পরীক্ষার ফি কমানো এবং স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে।
ইন্টার্ন চিকিৎসক উপমা বলেন, চিকিৎসকেরা বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন, কিন্তু তাদের সুরক্ষার জন্য কার্যকর কোনো আইন নেই। আমরা সেবা দিতে প্রস্তুত। তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বলেন তিনি।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাফিউন জান্নাত বলেন, দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।