বগুড়ায় সেঞ্চুরি মোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, সেই নারী আটক
স্টাফ রিপোর্টার
বগুড়ায় সেঞ্চুরি মোটেল থেকে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বিপুল চন্দ্র পালের (৪৮) মরদেহ উদ্ধারের ঘটনায় মোর্শেদা নামের এক নারীকে ঠাকুরগাঁও থেকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে আটক করা হয়।
আটক মোর্শেদা (৩৮) দিনাজপুরের বীরগঞ্জ থানার চকমথুরা গ্রামের তোফাজ্জলের মেয়ে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, সিসিটিভি ফুটেজে মাস্ক ও বোরকা পরিহিত ওই নারীকে দেখার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নারী দাবি করেছেন, শারীরিক সম্পর্ক করার পরই ওই ব্যক্তি মারা যান। মৃত্যুর পর লাশ কক্ষে রেখেই তিনি পালিয়ে আসেন। তবে পুলিশ এই দাবি যাচাই-বাছাই করছে।
এর আগে, শনিবার (৬ জুন) দুপুরে সেঞ্চুরি মোটেল নামের ওই হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়। বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ান্দের দুইবারের নির্বাচিত মেম্বার ছিলেন এবং শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।