বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় আলহাজ আলী (২৩) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ আলী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লাউতা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি শেরপুরের মির্জাপুর বাজারে একটি দোকানে কর্মচারীর কাজ করতেন।
জানা গেছে, মির্জাপুর বাজারে দোকানের কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন আলহাজ আলী। দুইটার দিকে তিনি মির্জাপুর ফ্লাইওভারের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে পৌঁছালে পেছন থেকে আসা ঢাকাগামী ‘উপমা পরিবহন’ নামের একটি দ্রুতগতির বাস তাঁর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক বাসটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. ফয়সাল আহম্মেদ জানান, বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।