বগুড়ায় বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মে ২০২৬ ১৮:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৫ বার।

বগুড়ার গাবতলীতে বিলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর জিহাদ (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সুখদহ ব্রিজের নিচের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

জিহাদ গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া গ্রামের জেলাল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জিহাদ কয়েকজন বন্ধুর সঙ্গে বুরুজ উত্তরপাড়া এলাকার সুখদহ নদীসংলগ্ন ব্রিজের নিচের বিলে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়েও জিহাদের কোনো সন্ধান না পাওয়ায় সেদিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

 

রবিবার সকালে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে আবারও বিলে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে বিলের পানি থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, বিলে ডুবে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধারের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।