আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৮:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া সদর উপজেলার পালশা এলাকায় মঙ্গলবার সকালে আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ক্ষুদে শিক্ষার্থীদের সচেতন করতে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন আইএসআইটিসি-২ প্রকল্পের বাৎসরিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থা। প্রকল্পের আওতায় সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পোস্টার, লিফলেট বিতরণ, জরিপ, মানববন্ধন, উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা এবং গণমাধ্যমে প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মুক্তি আক্তার ও প্রজেক্ট সুপারভাইজার সুমি আক্তার। তারা শিক্ষার্থীদের সামনে তামাকের ভয়াবহ ক্ষতি তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। 

 

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজন কুমার দাস বলেন, তামাকজাত দ্রব্য শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় হুমকি। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং পড়াশোনায় অমনোযোগ সৃষ্টি করে। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবার থেকেই শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে, যাতে তারা তামাকের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারে।

 

 

আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, তামাকপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এর ফলে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসজনিত নানা জটিলতা সৃষ্টি হয়। তরুণদের মধ্যে তামাকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। তিনি তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 

 

 

বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের জীবন রক্ষায় তামাকের ব্যবহার রোধ এবং ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি তরুণদের নেতৃত্বে তামাকবিরোধী গণসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

 

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে তামাকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং সবাই মিলে তামাকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে।