অপহৃত প্রতিবন্ধী সজলকে অমানবিক নির্যাতন, মোবাইল ও ইজিবাইক ভাংচুর!
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ার শাজাহানপুরে দিন দুপুরে অপহরণ করে প্রতিবন্ধী সজলের উপর অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল ফোন ও একমাত্র উপার্জনের অবলম্বন ইজিবাইক ভাংচুর করার ঘটনাও ঘটেছে। ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেন তার উপর এই বর্বরোচিত নির্যাতন করা হয়েছে তা এখনো রয়েছে অগোচরে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
২৯ মার্চ রবিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে বীরগ্ৰাম এলাকার মহাসড়ক থেকে তাকে ইজিবাইক সহ অপহরণ করে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভূক্তভোগী প্রতিবন্ধী সজল (২৮) বীরগ্ৰাম মধ্যপাড়ার রাজমিস্ত্রী আব্দুল হামিদের পুত্র।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতি দিনের মতোই অস্বচ্ছল দরিদ্র পরিবারের প্রতিবন্ধী সজল তার উপার্জনের একমাত্র অবলম্বন যাত্রীবাহী ইজিবাইক নিয়ে বের হয়। দুপুরের সময় বীরগ্ৰাম এলাকার বগুড়া নাটোর মহাসড়ক থেকে তাকে ইজিবাইক সহ অপহরণ করে এলাকার একদল দুর্বৃত্ত। অপহরণের পর প্রতিবন্ধী সজলকে বেধড়ক মারপিট করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ইজিবাইক ভাংচুর করেছে। এর এক ঘন্টা পরে সজলকে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেন তার উপর এই বর্বরোচিত হামলার ঘটনা এর কোনো সদুত্তর মিলেনি।
এদিকে অপহরণ করে এই বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় এলাকার সচেতন মহলের বইছে সমালোচনার ঝড়। এতে করে প্রশাসনের উদাসীনতা নিয়ে এলাকার জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে এমন লোমহর্ষক ঘটনার আসল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
এখানে উল্লেখ্য ভুক্তভোগী পরিবারের দাবি খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার ছেলে এই অপহরণের সাথে জড়িত।