বগুড়ায় প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়া কৃষকের লাশ মিলল গাছে
ধুনট( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়ন ঘর থেকে বের হওয়া কৃষক শাহজাহান আলীর (৬০) ঝুলন্ত মৃতদেহ গাব গাছের ডাল থেকে উদ্ধার করেছে তার স্বজনরা।
বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে বাড়ির অদুরে জঙ্গলের ভেতর একটি গাব গাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের আজিজুল হকের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিলা গ্রামের শাহজাহান আলী একজন আর্দশ কৃষকের ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে চিকিৎসা করে ভালো করতে পারেননি। মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক মাস ধরে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করছিলেন। এ অবস্থায় অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার রাতে নিজের বাড়িতে শয়ন কক্ষে শুয়ে পড়েন। এ সময় রাত প্রায় ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘর থেকে বের হন শাহজাহান আলী। এরপর তিনি আর ঘরে ফিরে আসেনি। ওই রাতে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁেজও তার সন্ধান পাননি।
এ অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে জঙ্গলের ভেতর একটি গাব গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শাহজাহান আলীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তার স্বজনরা। পরে এ বিষয়টি তাৎক্ষনিক ভাবে থানায় সংবাদ দেওয়া হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে শাহজাহান আলী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। প্রাথমিক তদন্তে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।