নন্দীগ্রামে ছাত্রদল নেতার অভিযোগে দুই টিকিট কাউন্টারে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ১৮:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস টিকিট কাউন্টারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও রণবাঘা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

জানা গেছে, গত রবিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের একটি টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী নির্ধারিত ৫০০ টাকার টিকিট ৭৫০ টাকায় কিনতে বাধ্য হন। অতিরিক্ত ভাড়া আদায়ের এ ঘটনায় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

 

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, শাহ ফতেহ আলী বাস কাউন্টারসহ একাধিক কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে। এছাড়া দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সরিষাবাদ গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও রণবাঘা গ্রামের আবু তালেবের ছেলে সবুজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।