বগুড়ায় ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে বৈদ্যুতিক শক দেয় সন্ত্রাসীরা, আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২১ অগাস্ট ২০২৬ ২০:৪৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮৬ বার।

বগুড়া সদর উপজেলার ছাত্রদল নেতা আতিকুর রহমান সাগর মন্ডল হত্যায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বসতবাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতের পর ছাত্রদল নেতাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। 

 

 শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, এটিসি। এরআগে, বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার জোহান পার্ক এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি গ্রেপ্তার করা হয়। জাহিদ মন্ডল (১৯) বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া মহল্লার জিলহাজ মন্ডলের ছেলে। 

 

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার ১০ নম্বর আসামি গ্রেপ্তার এড়াতে পালিয়ে ঝিনাইদহ জেলা শহরে আত্মগোপন করেছিল। তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযানে নামে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৬ ঝিনাইদহ যৌথ আভিযানিক দল। জোহান পার্ক এলাকা থেকে আসামি গ্রেপ্তার করে রাতেই বগুড়া ক্যাম্পে আনা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জানান, গত ২৩ জুলাই দিবাগত রাতে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি এলাকায় নৃশংস হত্যাকান্ড ঘটে। বসতবাড়িতে হামলা চালিয়ে ভিকটিম আতিকুর রহমান সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ছুরিকাহত ছাত্রদল নেতার মৃত্যু নিশ্চিত করতে ইলেকট্রিক শক দেয় সন্ত্রাসীরা। ঘটনার পরদিন ২৪ জুলাই সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

 

তবে, ঘটনার পর পুলিশ বলেছিল, নিহত সাগর শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। তিনি বালু, মাদকসহ বিভিন্ন ব্যবসা করতেন। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র আইন, মারামারিসহ বিভিন্ন অভিযোগে অন্তত হাফডজন মামলা রয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন বলেও জানানো হয়।