নওগাঁর সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে

সঠিক তথ্য তুলে ধরুন, মিথ্যা এবং অপতথ্যকে প্রশ্রয় দিবেন না- আতিকুর রহমান রুমন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অগাস্ট ২০২৬ ২০:০৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বিএনপি সরকার বরাবরই স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের আহবান জানিয়ে বলেন, সরকার চায় সাংবাদিকরা প্রকৃত তথ্য এবং সঠিক চিত্র তুলে ধরবেন। তারা কখনও মিথ্যা বা অপতথ্যকে প্রশ্রয় দেবেন না। শুক্রবার সকালে বগুড়ায় পাশ্ববর্তী নওগাঁ জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অথিতির বক্তব্যে আতিকুর রহমান রুমন সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের কোনো কাজে ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির বিষয়ে গঠনমূলক সমালোচনা করার অধিকার আপনাদের রয়েছে। কিন্তু কেউ কেউ তা না করেই পুরো কাজকেই নেতিবাচক ভাবে উপস্থাপন করেন। এর ফলে অনেক ভালো কাজও বাস্তবায়ন করা যায়না। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরো বলেন, বিগত আ'লীগ সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে অনেক পত্রিকা ধারাবাহিক ভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে। কিন্তু বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেনা।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম— গাক এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। গাক-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন ক্যাপস্টোন ফেলো-এনডিসি'র সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল ও ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমানসহ সিনিয়র সাংবাদিকগণ প্রশিক্ষণ প্রদান করছেন। 

উপস্থিত ছিলেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম, উপ-পরিচালক মো: আরমান হোসেন, ট্রেনিং কো-অর্ডিনেটর মো: কবির উদ্দীন এবং সহকারি পরিচালক মো: জিয়া উদ্দিন সরদার।