বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক, কারখানাকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬ ১৮:০৭ ।
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনি এলাকায় ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে কারখানার স্বত্বাধিকারী মো. শিহাব উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

 

বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযানে কারখানাটিতে আইসক্রিম তৈরির সময় নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি ও খাদ্যে ব্যবহারের অনুপযোগী রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন কাপ তৈরি করা হচ্ছিল। কারখানাটি শিশুখাদ্য হিসেবে বিক্রি হওয়া আইসক্রিম তৈরি করলেও সেটি নিবন্ধিত ছিল না।

 

তিনি বলেন, কারখানার ফ্রিজে বিপুল পরিমাণ নিষিদ্ধ রাসায়নিক রং ও ঘনচিনি দিয়ে তৈরি আইসক্রিম পাওয়া যায়। এসব আইসক্রিম জব্দ করে বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তারসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

অভিযান শেষে কারখানার মালিককে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।