জাতীয় স্বার্থেই ক্যাশলেস লেনদেন জরুরী- নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬ ১৯:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ ব্যাংক, আইএফসি ও অস্ট্রেলিয়ান সরকারের যৌথ উদ্যোগে বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় রবিবার সকাল থেকে অর্ধদিনব্যাপী শহরের নাজ গার্ডেনে এই আয়োজন হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ.ন.ম মঈনুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ক্যাশলেস লেনদেন আরো দ্রুত, স্বচ্ছ আর বেগবান করার লক্ষ্যে তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি খাতে বাংলা কিউআর চালুকরণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় স্বার্থের জন্যই ক্যাশলেস লেনদেন জরুরী। এতে যেমন একদিকে টাকা ছাপাতে রাষ্ট্রের খরচ বাঁচবে অন্যদিকে প্রতিরোধ করা সম্ভব হবে জাল টাকার লেনদেনও। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের প্রযুক্তি তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও পথ চলতে হবে। প্রতিদিনের জীবনকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যের করতেই বাংলা কিউআর হতে পারে আর্থিক লেনদেনের অন্যতম সেরা মাধ্যম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন বলেন, ক্যাশলেস লেনদেন সরকারের অনন্য একটি উদ্যোগ। বাংলা কিউআর এমন একটি প্লাটফর্ম যেটি দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করেছে যা সাধারণ জনগণের কষ্ট ও সময় দুটোই লাঘব করবে। এতে করে একদিকে যেমন কমে আসবে সকল ধরনের আর্থিক প্রতারণা অন্যদিকে বাড়বে অর্থনৈতিক চঞ্চলতা।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইসরাত জাহানের পরিচালনায় আয়োজনে ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর এর ব্যবহার, সুবিধা ও বাস্তব প্রয়োগ তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক পারভেজ আনজম মুনীর এবং মঈন উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ গ্রাহক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।