বগুড়া বিভাগ নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার
বগুড়াকে বিভাগ করার বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের বিষয়টি এগিয়ে রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী সম্মতি দিলে বগুড়ার বিষয়টিও সেই প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে।
শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজিত বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, পুরোনো দুটি বিভাগ, কুমিল্লা ও ফরিদপুর, অনেক দূর এগিয়ে আছে। বগুড়া বিভাগের বিষয়ে মুখ্য সচিব এবং আমি এখনো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করিনি। মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে কুমিল্লা ও ফরিদপুরের সঙ্গে এ প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও পরিচর্যার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্য থাকলেও ইতিমধ্যে প্রায় ৬ কোটি ৮০ লাখ গাছের হিসাব পাওয়া গেছে। এই কর্মসূচির অংশ হিসেবেই দেশজুড়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছ নিয়ে পৃথকভাবে বৃক্ষমেলার আয়োজনের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ কর্মসূচি এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা , শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।