বগুড়ায় বিয়ে বিচ্ছেদ হওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলী উপজেলায় বিয়ে বিচ্ছেদ হওয়ায় রিফাত আলী খান (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আলী খান ওই এলাকার রুবেলের ছেলে। তিনি কদমতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়ির টিনশেড ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিফাত। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের ভাষ্য, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে বিয়ে করেছিলেন রিফাত। প্রায় তিন মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিফাত। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।