যুবকরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও অর্থনীতি শক্তিশালী করবে- বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ ১৯:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

পরিবেশবান্ধব জ্বালানির উৎস বায়োগ্যাস প্রযুক্তি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাসহ কৃষি উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক মো. মোতাহার হোসেন। 

 

তিনি জানান, দেশের যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বাস্তবমুখী বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। 

 বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুইদিন মেয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাবতলী উপজেলার জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয় চত্বরে প্রশিক্ষণ আয়োজন করা হয়।

 

যুবকরা প্রশিক্ষণ নিয়ে এলাকায় বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক। তিনি বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা ও জৈব সার উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছে যুবকরা। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সহায়তা করবে বায়োগ্যাস প্ল্যান্ট। 

 

গাবতলী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় ২য় সংশোধিত প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুইদিন মেয়াদি প্রশিক্ষণে সম্ভাব্য উদ্যোক্তা, বায়োগ্যাস প্ল্যান্ট মালিক ও আগ্রহী যুবক যুবতীরা অংশগ্রহণ করে। 

 

যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে ও জামিরবাড়িয়া যুব কল্যাণ সমিতির সভাপতি আতিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমপ্যাক্ট ৩য় পর্যায় প্রকল্প পরিচালক একেএম মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. মাহফুজুল ইসলাম। 

 

রাজশাহী বিভাগের ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট মার্কেটিং এক্সিকিউটিভ মো. ফজলে রাব্বী, জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বায়োগ্যাস প্ল্যান্টের মালিক ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপকারভোগীরা উপস্থিত ছিলেন। যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয় যুব উন্নয়ন অধিদপ্তর।