অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় বাছাই কমিটিতে কালাম আজাদ
স্টাফ রিপোর্টার
দুর্ঘটনায় বা দায়িত্ব পালনকালে গুরুতর আহত বা নিহত সাংবাদিকের পরিবার, অসুস্থ সাংবাদিকের চিকিৎসা সহায়তা এবং অক্ষম ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা-অনুদান প্রদানের লক্ষ্যে বাছাই কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিতে রয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান কালাম আজাদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। গত ২৭ জুলাই জারি করা আদেশে জানানো হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সভাপতি করে ৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, প্রধান তথ্য কর্মকর্তা (তথ্য অধিদপ্তর), যুগ্মসচিব (প্রেস-২), প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রবি, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), দৈনিক বাংলাদেশের খবরের সাবেক সিটি এডিটর কাউছার হোসেন খোন্দকার এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কলাম আজাদ)। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও তথ্য) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, বাছাই কমিটি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুসরণ করে আবেদনসমূহ যাচাই-বাছাই করবে। একই সঙ্গে সুপারিশের পক্ষে যৌক্তিকতা বিবেচনা এবং সাব-কমিটির গাইডলাইন যথাযথভাবে অনুসরণের দায়িত্ব পালন করবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।