আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ২০:০৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামের আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মানিকজান বেওয়া (৯৮)-এর মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ মানিকজান বেওয়ার বলে শনাক্ত করা হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে গোসলের উদ্দেশ্যে আত্রাই নদীতে নামার পর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও সেসময় তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।