রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১৯:৪৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর রাণীনগরের খোকন সরদার নামে এক অসহায় পরিবারের শেষ সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে| এঘটনায় দিশেহারা হয়ে পরেছে পরিবারটি| শুক্রবার রাতে গোয়াল ঘরের তালা কেটে এই গরু তিনটি চুরি করে নিয়ে যায় চোরেরা| খোকন সরদার উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ সরদারের ছেলে|

খোকনের স্ত্রী রুপালী বিবি বলেন,আমরা অসহায় মানুষ| আমাদের কোন সহায় সম্পদ নেই| অন্যের বাড়ীতে কাজকর্ম করে এবং গোয়াল ঘরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করি| শুক্রবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তিনটি গরু রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি| রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে ওঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা রয়েছে| এসময় গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদের শেষ সম্বল তিনটি গরুই চোরেরা চুরি করে নিয়ে গেছে| গরু তিনটি প্রায় ৩লাখ টাকা দাম হবে| তিনি আরো জানান,কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়া আছে| গরুগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম| কিন্তু এখন কিভাবে ঋণ পরিশোধ করবো আর সংসার চালাবো তা নিয়ে দিশেহারা হয়ে পরেছি|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় খোকন সরদারকে লিখিত অভিযোগ দিতে বলেছি| খোঁজ খবর নিয়ে গরু উদ্ধারের ব্যবস্থা করা হবে|