বগুড়ায় ফুটপাত উচ্ছেদ অভিযান, তিন হোটেল-রেস্তোরাঁকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে নবগঠিত বগুড়া সিটি করপোরেশন। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বাসি-পচা খাবার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে তিনটি হোটেল-রেস্তোরাঁকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথা, থানা মোড়, সেলিম হোটেল এলাকা, কাঁঠালতলা, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ফতেহ আলী বাজারের ‘প্রিয়াঙ্কা দই ঘর’-এ পচা ও বাসি রসমালাই সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ‘ফতেহ আলী ফুড গার্ডেন’-এ বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে পাঁচ হাজার টাকা এবং শহরের হোটেলপট্টির ‘কাফেলা হোটেল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তৃপক্ষ জানায়, মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ও বাসি-পচা খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ ও মনিটরিং কার্যক্রম নিয়মিত চালানো হবে। মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা কাঁচা ফল ও সবজি তালিকা করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। অন্যদিকে অবৈধ স্থাপনাগুলো ভেঙে অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, ফুটপাত পুনর্দখল রোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তার জন্য সিটি করপোরেশন ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে তাঁরা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফুটপাত দখল ঠেকাতে নিয়মিত নজরদারি করবেন।