বগুড়ায় রাইস মিলমালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ ১২:২৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৩২ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইস মিলমালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিহত মোহাম্মদ আলী (৭০) উপজেলার ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে।

 

রোববার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, মোহাম্মদ আলী রাতে নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তার হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে। এ সময় মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যায় তারা।

 

সোমবার (৬ জুলাই) সকালে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে গিয়ে বিছানায় হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ওসি শাহীনুজ্জামান বলেন, ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।