বগুড়ায় ফরম পূরণের নামে টাকা আত্মসাৎ, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রী কলেজের এইচএসসি’র ৬ পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের মিথ্যা প্রতিশ্রিুতি দিয়ে অর্থ আদায় করে তা আত্মসাৎ করায় পুলিশ সাব্বির হোসেন শাওন নামে ওই কলেজের অনিয়মিত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, রবিবার ভোরে শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকায় বোনের বাড়ি থেকে তাকের গ্রেপ্তার করা হয়। সাব্বির হোসেন শাওন মাহীসাওয়ার ডিগ্রী কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রতারণার শিকার ওই ৬ শিক্ষার্থী পরবর্তীতে গত ২ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে ব্যর্থ হন। পরবর্তী এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হলে শিক্ষামন্ত্রীর নির্দেশে পরবর্তীতে তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
মামলার এজাহার এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাস্থান মাহীসাওয়ার কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোর্ডে ফরম পূরণ করিয়ে দেওয়ার কথা বলে কিছুদিন আগে তৌহিদুর রহমান সরকার তামিম, মাইনুর ইসলাম, অমিত হাসান, সাব্বির হোসেন, সম্রাট সরকার ও মোহাম্মদ হাসর নামে ৬ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন। তাদেরকে পরীক্ষা শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ১ জুলাই প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়। তবে নির্ধারিত দিনে কলেজে গিয়ে তারা কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের দেখা পাননি এমনকি তাদের নামে কোন প্রবেশপত্রও ইস্যু হয়নি। ফলে পরদিন ২ জুলাই তারা পরীক্ষাতেও অংশ নিতে পারেননি।
মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান জানান, পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একটি মামলা দায়ের করেছেন। এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ৬ পরীক্ষার্থীকে ৪ জুলাই দ্বিতীয় দিন অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং এখন থেকে তারা নিয়মিতভাবে সবগুলো পরীক্ষায় অংশনিতে পারবে। তাদের যে একটি পরীক্ষা বাদ গেছে সেটি হয়তো পরবর্তীতে নেওয়া হতে পারে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, আসামী সাব্বির হোসেন শাওনকে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।