জাতীয় স্কুল ক্রিকেটে চট্রগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে সানসাইন গ্রামার স্কুল, চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার ঢাকার কেরানীগঞ্জের বেয়ারা তেঘুরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে সানসাইন গ্রামার স্কুল ৪২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রান করে।
জবাবে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ৪৬.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে জয় নিশ্চিত করে। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তুষার আহমেদ। তিনি ৭৬ বলে ৪৪ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন।
বল হাতে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের সিয়াম হোসেন দারুণ নৈপুণ্য দেখান। তিনি ৬ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। তিনিই দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।
এ জয়ে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, দলের খেলোয়াড়েরা আগামী ম্যাচগুলোতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবে।