খোশজান আলী ইকরা সেন্টারে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মানব সভ্যতার ক্রমবিকাশের মূল শক্তি শিক্ষা। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলার প্রত্যয়ে আকবরিয়া লিমিটেড পরিচালনায় গড়ে উঠেছে খোশজান আলী ইকরা সেন্টার। দীর্ঘদিন ধরেই বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে আসছে প্রতিষ্ঠানটি। ২০১১ সালে বগুড়া শহরের পাড়া-মহল্লায় জ্ঞানের আলো ছড়িয়ে নিজস্ব বহুতল ভবনে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রটি, যেখানে সব বয়সী মানুষ শিক্ষালাভের সুযোগ পায়।
বুধবার সকালে বগুড়া মহিলা আলিম মাদরাসায় খোশজান আলী ইকরা সেন্টারে কোরআন শিক্ষা নিতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের অংশগ্রহণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহিলা আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল এ কে এম আমিনুল ইসলাম।
পুরস্কার বিতরণ শেষে বক্তব্যে হাসান আলী আলাল বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানবকল্যাণ সাধন, সৎকাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখাই মানুষের অন্যতম দায়িত্ব। একসময় সন্তানদের স্কুলে নিয়ে এসে অভিভাবকরা আড্ডা ও গল্পে সময় কাটাতেন। বর্তমানে তারা ইকরা সেন্টারে এসে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, হামদ, নাত ও কেরাত চর্চায় অংশগ্রহণ করছেন। তাদের সহিহ ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। এখান থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করে তারা নিজেরা আমল করার পাশাপাশি স্বামী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।
তিনি আরও বলেন, আকবরিয়া লিমিটেড প্রেসিডেন্ট আলহাজ্ব ছিদ্দিকুর রহমান একজন শিক্ষানুরাগী মানুষ। তারই উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলে ৭৯টি মক্তব প্রতিষ্ঠিত হয়েছে। সহিহভাবে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষাও প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অভিভাবকরা এ আয়োজনে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বিজয়ীরা জানান, খোশজান আলী ইকরা সেন্টার থেকে তারা বিনামূল্যে সহিহভাবে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা এবং ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন। এ ধরনের আয়োজন তাদের আরও উৎসাহিত করছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বগুড়া মহিলা আলিম মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. ইউনুস আলী।
বিদায়ী শিক্ষার্থীরা প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় আকবরিয়া লিমিটেডের সিইও ইব্রাহীম মাসুম, সাংবাদিক আজাহার আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।