ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে বেড়াতে এসে এক চীনা পর্যটক হেনস্তার শিকার: টিকটকার হিরো নানা আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৯:০৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২১ বার।

নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে কথিত এক টিকটকারের হাতে এক চীনা পর্যটক হেনস্তার শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিষয়টি নজরে আসলে আব্দুল মাবুদ নামে ওই টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক টিকটকার আব্দুল মাবুদ পাশের জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত। 

 

জানা যায়, সপ্তাহ খানেক আগে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এক চীনা নাগরিক পরিদর্শনে আসেন। পাহাড়পুরে অবস্থানকালে আটক আব্দুল মাবুদ ওরফে হিরো নানা ওই বিদেশি পর্যটককে নানাভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনা ওই পর্যটককে আটক আব্দুল মাবুদ প্রশ্ন করছেন- বাংলা ভাষা যে কঠিনের কঠিন, কিচ্ছু বোঝে না। আচ্ছা বিয়া সাধি করেন নি, খালি হাসে। বাচ্চা কয়টা, তাও হাসে। বাসা কোথায়, গালামুনা কি রে, শোনেন আমার এই ছলটাকে একটু গালাও তো। এরপর তাকে হারামজাদা, বদমায়েশ ওমা কিচ্ছু বোঝে না বলতে শুনা যায়। 

 

পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর মেসবাহুল হক বলেন, বিষয়টি ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের নজরে আসলে দ্রুত অভিযানে নামে পুলিশ। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত তৎপরতার সাথে মূল অভিযুক্ত আব্দুল মাবুদকে আটক করা হয়েছে। এবং আইনি প্রক্রিয়া শেষে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আগত যে কোন বিদেশি পর্যটককে কেউ হেনস্থা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।