বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেপ্তার ৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক আর্জেন্টিনার সমর্থকসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ| ওই অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে|

 

জানা গেছে, রোববার (২১ জুন) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতা দুইজনকে আটক করে| আটককৃতরা হলেন সিনজানি-কামুল্ল্যা এলাকার রফিকুল ইসলামের ছেলে আর্জেন্টিনার সমর্থক ইমরান হোসেন (৩২) এবং সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫)| পরে স্থানীয়রা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে| এছাড়া শাজাহানপুর উপজেলার তারাইল গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকির হোসেন (৫২) নামের এক জনকে গ্রেপ্তার করা হয়|

 

এদিকে সোমবার (২২ জুন) সকালে মুরাদপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার| অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোলাসিংড়া গ্রামের আব্দুল করিমের ছেলে জিল্লুর (২৪) ও চৌগ্রাম এলাকার মৃত রেজাউল করিমের ছেলে শামীম হোসেন (৩১) নামের দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়| পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অভিযুক্তদের ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়|

 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশ গ্রেপ্তারকৃত তিন মাদককারবারিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে|