বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা ১২ টায় উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া-টুনিপাড়া সড়কে উপজেলা প্রশাসনের উদ্যোগে আম, মেহগনি, বহেরা, হরিতকী, নিমসহ বিভিন্ন প্রজাতির ২৫০টি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
এছাড়া শেরপুর পৌরসভার নয়াপাড়া পানির ট্যাংকি চত্বরে ফলজ ও ঔষধিসহ আরও ৫০টি গাছ রোপণ করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্য, যুবসমাজ, স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি অধিদপ্তর, এলজিইডি (LGED) ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ এবং বিভিন্ন পতিত জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু শেরপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবার নিজ বাড়ির আঙিনায় অন্তত দুটি করে গাছ রোপণ করলে শেরপুরকে আরও সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।