শিক্ষিকার মৃত্যুর খবর ফেসবুকে দেখতে পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষার্থী
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম(৪৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খবরটি ফেসবুকে দেখতে পেয়ে ওই শিক্ষিকার প্রিয় শিক্ষার্থী তাসনিম আরা(১৪) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক ঘটনা দুটি আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পৃথক দুটি স্থান ঘটেছে।
নিহত শিক্ষিকা উম্মে কুলসুম (৪৮) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদর দর্গাপাড়া গ্রামের বাসিন্দা। আর নিহত শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৪) একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার ডাঙ্গিসারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম চৌধুরীর মেয়ে। দুর্ঘটনায় আহত অপর শিক্ষিকা মমতাজ বেগম (৫৫), যিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে নওগাঁ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে উপজেলার গোড়শাহী এলাকা থেকে উম্মে কুলসুম(৪৮) ও মমতাজ বেগম(৫৫) এসএসসি বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহের জন্য রাজশাহীর উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি বদলগাছী-নজিপুর সড়কের চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের (বঙ্গা) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলসুম মারা যান। এসময় গুরুতর আহত হন তার সহকর্মী মমতাজ জাহান। স্থানীয়রা আহত মমতাজ জাহানকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষার্থী তাসনিমের বাবা আবুল কালাম চৌধুরি বলেন,
“ফেসবুকে কুলসুম ম্যামের মারা যাবার খবর দেখে আমার মেয়ে হাসপাতালে ছুটে যায়। মৃত শিক্ষিকাকে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর তাসনিম আরা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শামিন ইয়াসার জানান, শিক্ষিকা উম্মে কুলসুম হাসপাতালে আনার আগেই মারা যান। আর শিক্ষার্থী তাসনিম তীব্র মানসিক ধাক্কায় হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটিযানবাহন জব্দ করেছে। একই সাথে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ধাক্কা সামলাতে না পেরে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবরও তারা পেয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, ‘শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সড়কে ধান-খড় শুকানো বন্ধে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।