নওগাঁ থেকে ঢাকাসহ সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬ ১৮:১৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৬৯ বার।

বাসচালককে মারপিট ও অফিস ভাংচুরের ঘটনার জের ধরে নওগাঁ থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দিয়ে তারা সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তবে

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নেমে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোন কথা ছাড়াই ড্রাইভারকে মারপিট করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাংচুর করে তারা। এই মারধরের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এদিকে বাস স্ট্যান্ড এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে দূরপাল্লার অসংখ্য যাত্রী কাউন্টারে এসে দেখেন, তাদের নির্ধারিত বাস গুলো শ্রমিকদের অবরোধের কারণে নওগাঁ থেকে ছেড়ে যেতে পারছে না। এতে করে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জরুরী থাকায় এমন যাত্রীরা বিভিন্ন মাধ্যমে তারা গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করছেন। জেলার পত্নীতলা উপজেলা মধুইল বাজার এলাকা থেকে আসা জিল্লুর রহমান বলেন বেলা ১১ টার একতাবাসের টিকিট কাটা ছিল। বাস চলাচল বন্ধ করে দেওয়ায় এখন আমি ঢাকা যেতে পারছিনা। আমার ঢাকা যাওয়া অত্যন্ত জরুরি। একই কথা বলেন রানীনগর উপজেলা আবারপুকুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম। তিনি বলেন কথায় কথায় এভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া ঠিক নয়। উদ্বুদ্ধ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করা উচিত। এদিকে

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কী হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।

 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,বাস চলাচল স্বাভাবিক করতে বাস মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক চলছে বলে তিনি জানান।