বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ মে ২০২৬ ১৯:৫৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৬ বার।

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে নিকার বৈঠকে অনুমোদন পেয়েছে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব। এ খবরে পুরো বগুড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে চলছে উচ্ছ্বাস ও অভিনন্দনের বন্যা।

স্থানীয়রা মনে করছেন, বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের আধুনিক নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ, সড়ক যোগাযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

 

সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি ও প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সিটি কর্পোরেশন। অবশেষে নিকার বৈঠকে সেটি অনুমোদন পেয়েছে। এজন্য বগুড়াবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বগুড়ার সচেতন নাগরিকরা বলেন, বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিক্ষানগরী। সিটি কর্পোরেশন বাস্তবায়িত হলে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়েছে।