বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর ইস্টার সানডে পালন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ ১৮:৫৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া খ্রীষ্টিয় মন্ডলী যথাযথ মর্যাদায় রোববার দিনব্যাপি গোহাইল রোডস্থ উপাসনালয়ে ইস্টার সানডে পালন করে। এ উপলক্ষে যিশুখ্রিষ্টের পুনরুত্থান বিষয়ে আলোচনা করেন পালক গিলবার্ট মৃধা।

 

 

তিনি বলেন, এটি যিশুখ্রিস্টের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। যিশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল এবং তৃতীয় দিনে তিনি আবার জীবিত হন। সেদিন ছিল রবিবার। প্রায় দুই হাজার বছর আগে ইসরায়েলের বেথলেহেমে এক গোশালায় জন্মগ্রহণ করেন যিশুখ্রিষ্ট। ধনী-দরিদ্র সব মানুষের সঙ্গে একাত্ম হয়েছিলেন। মানবজাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আত্মত্যাগ করেন।

 

 

এসময় বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল বলেন, ইস্টার সানডে খ্রিষ্টান বিশ্বাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি পুনরুত্থিত হন। তাঁর এই অলৌকিক পুনরুত্থানের দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পাপ ও অন্ধকারের বিরুদ্ধে জয় এবং নতুন জীবনের প্রতীক। 

 

 

মন্ডলীর সহ-সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, পুনরুত্থান দিবস খ্রিস্টান ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনে যিশু খ্রিস্ট আবার পুনঃরুজ্জীবিত হয়েছিলেন। এই পুনরুত্থান মানবজাতির জন্য আশা, শান্তি ও মুক্তির প্রতীক। তাঁর শিক্ষা অনুসরণ করে সমাজে ন্যায়, সত্য ও ভালোবাসা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি সকলকে ধর্মীয় মূল্যবোধ ধারণ করে শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

এছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাস, সম্পাদক মাইকেল আশের বেসরা, পরিচারক টোনাম সরকারসহ প্রমুখ। ধর্মীয় গানে গানে মুখরিত হয়ে উঠে উপাসনালয় প্রাঙ্গন। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।