বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:৪২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৩৫ বার।

বগুড়ার সোনাতলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ। তিনি দৈনিক 'কালবেলা' ও দৈনিক 'প্রত্যাশা প্রতিদিন' পত্রিকায় সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি সোনাতলা প্রেসক্লাবের অন্যতম সিনিয়ির সদস্য।

 এ ঘটনায় রিমন আহম্মেদ বিকাশ হুমকিদাতা সোনাতলার বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ এর বিরুদ্ধে স্থানীয় থানায় ৪ এপ্রিল সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। আনিছ বালুয়া ইউনিয়নের বড়বালুয়া গ্রামের মৃত আব্দুস সালাম এর ছেলে।

জানা যায়, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ বালুয়াহাটের হতদরিদ্র পুরাতন কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনকে হাট ইজারাদার জোরপূর্বক উচ্ছেদ করেছে মর্মে ফেসবুক পেজ 'গোধূলি বার্তা'য় সংবাদ প্রকাশ করেন। এতে আনিছ ক্ষুব্ধ হয়ে সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রকাশিত সংবাদ তুলে না নিলে ভবিষতে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ বলেন, ৩ এপ্রিল তিনি বালুয়াহাটের হতদরিদ্র কাঁচামাল ব্যবসায়ীকে জোরপূর্বক তার হাটেরঘর ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করেছে ইজারাদার এমন সংবাদ প্রকাশ করেন। এরই জের ধরে তাকে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেন কৃষকদল নেতা আনিছ।

ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে রিমন আহম্মেদ বিকাশ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে অভিযুক্ত বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আনিছুর রহমান আনিছের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়ে সেটি বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন আকন্দ বলেন, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া সাংবাদিকরা সমাজের দর্পণ । তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক নয়। খোঁজ খবর নিয়ে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।