এই দেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না-শাহাবুদ্দিন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ২০:৩৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আগামী ৯ই এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, দৈনিক সাতমাথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন দাড়িপাল্লা মার্কা বিজয়ী করতে শনিবার নাটাইপাড়া বউবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সেক্রেটারি মো: আনোয়ারুল ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান আকন্দ, ২০ নং ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম. এ. হাকিম, মোমিনুল ইসলাম, আবুল হাসান, মো: রাজিব উদ্দিন, মাওলানা মো: নুরুল আলম সহ অন্যান্য নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন। গনসংযোগ কালে অধ্যক্ষ শাহাবুদ্দিন বউবাজারে এক পথসভায় বলেন, আমরা মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলামের বিজয়ের অসংখ্য নজিরও রয়েছে। বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। আমাদের শীর্ষ দায়িত্বশীলদের শহীদ করা হয়েছে। শেষ পর্যন্ত জুলুমকারীদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে ইসলামের শিকড় অনেক গভীরে। আবারো যদি কেউ ইসলামী আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকেও লজ্জাজনক পরিনতি বরণ করতে হবে। আমরা যদি আমাদের নীতিতে অটল থাকতে পারি, চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারি। তাহলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবেনা।

তিনি আরো বলেন, দেশের জন্য নতুন সংকট অপেক্ষা করছে। ক্ষমতাসীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খাকে জলাঞ্জলী দেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। জামায়াতে ইসলামী জুলাই শহীদ ও আহতদের ত্যাগকে বিসর্জন দিতে দিবেনা। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে জামায়াত সংসদে ও রাজপথে অগ্রনী ভুমিকা পালন করবে। এদেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবেনা।