বগুড়ায় স্টেশন ফুটপাতে মাদকের কারবার, ট্যাপেন্টাডল উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের রেলওয়ে স্টেশন ফুটপাতে ভাসমান মাদকের আখড়ায় অভিযান চালিয়েছে র্যাব। দুইজনকে আটকের পর দেহ তল্লাশি করে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল পাওয়া গেছে।
শনিবার সকালে শহরের সেউজগাড়ী এলাকায় রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের পাশে ফুটপাত ও রেলস্টেশন এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।
গ্রেপ্তারকৃতরা- শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসান আলী (২৭) ও দুপচাঁচিয়া উপজেলার আসুনজা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বরকত উল্লাহ রুবেল (৩৩)। দুই মাদক কারবারিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান মাদক বিক্রির তথ্য পেয়ে অভিযান শুরু হয়। ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছিল দুই কারবারি। গ্রেপ্তার হাসান আলীর কাছে ৮০ পিস ও রুবেলের কাছে ৪০ পিস ট্যাপেন্টাডল পাওয়া গেছে।