বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন বিএনপি ও জামায়াত প্রার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৫:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২০ বার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী ।

সোমবার সকাল ১০ টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় তিনি শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আখতার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, যুগ্ম সম্পাদক রাশেদুৃল কবীর রাশেদ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা একরামুল হক, শহর ওলামা দলের আহবায়ক মাওলানা হুমায়ুন কবির, সদরের সদস্য সচিব হাফেজ কালিমুল্লাহ, হাফেজ মাওলানা আবিদুর রহমান, মাওলানা জাহিদ।

এর আগে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ী এলাকায় মোনাজাত শেষে দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ শুরু করেন। এসময় শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, আব্দুল হালিম বেগ, আব্দুল হামিদ বেগ, আব্দুস সালাম তুহিন, ইকবাল হোসেন প্রমুখ।

জামায়াত প্রার্থী ও শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল বলেন, এবার সঠিক নেতৃত্ব বাছাইয়ে ভুল করবেনা বগুড়ার মানুষ। আগামী ৯ এপ্রিল তারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে দাড়িপাল্লায় ভোট দিবেন। যেকোন কারচুপি ঠেকাতে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসন মুলত জিয়া পরিবারের আসন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এখান থেকে। তিনি বগুড়াকে নিয়ে স্বপ্ন দেখেন, বগুড়াকে এগিয়ে নিতে তার প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করেছেন। বগুড়ার সার্বিক উন্নয়নে সদর উপজেলাবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করেন। উল্লেখ্য বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।