পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৪:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফ।

মীর শাহে আলম বলেন, “বিলহামলা খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি।”

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে বগুড়ার বিলহামলা খাল প্রায় সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন করা হবে। এতে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ব্যক্তিরাও কাজ করবেন।