বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে। বিপুল ভোটের বিজয় থেকে জামায়াতকে হারিয়ে দিয়ে এক উপদেস্টা সরকারে আশ্রয় নিয়েছে। উপদেস্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, জামায়াত কে মূলধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি। তখনই বোঝা যায়, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে আমরা আর কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে দিবোনা। এ জন্য প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান।
তিনি আসন্ন উপ নির্বাচন কে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক জেলা আমীর নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এড. আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, যুব বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. হেদায়তুল ইসলাম, এড. নুরুল ইসলাম আকন্দ, এড. শাহীন মিয়া, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে। তিনি জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি আদর্শিক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।
জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকার বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় রায় দিবে। একমাত্র কুরআন দিতে পারে সকল সমস্যার সমাধান। দাড়িপাল্লার পক্ষে কাজ করতে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।