শিবগঞ্জে ধানের শীষে ভোট দিতে বাঁধা দেয়ায় গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা, দায়িত্ব নিলেন মীর শাহে আলম
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধা দেওয়ায় এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সংবাদ পেয়ে গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন শিবগঞ্জের সংসদ সদস্য মীর শাহে আলম।
জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় দিকে এ ঘটনা ঘটে।
তার বাড়ি শিবগঞ্জ ইউনিয়নের নুরবাজ গ্রামে। তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।
জানা গেছে, শিবগঞ্জ ইউনিয়নের নুরবাজ এলাকার ওই গৃহবধূ মীর শাহে আলমের প্রতি আস্থা ও শ্রদ্ধাবোধ রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার স্বামী তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন এবং ধানের শীষে ভোট দিতে বাধা দেন।
পরিবারিক এই চাপ সহ্য করতে না পেরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলমের নির্দেশে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম জানান, বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত আছেন। আমাদের নেতা মীল শাহে আলমের নির্দেশে আমরা হাসাপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছি। তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা গ্রহণ করেছি।