বিজয়ী হাসনাত আবদুল্লাহ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

 

ইউএনও রাকিবুল ইসলাম বলেন, দেবিদ্বার আসনে ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রতেই হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছেন। আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল একত্রিত করছি। ফলাফল বিবরণী দেখে হাসনাত আবদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

 

আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত এবং বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন জসীম উদ্দিন।

 

আসনটিতে মোট ১১৬টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

 

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

 

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।