বিজয়ের পথে ড. মাসুদের দাঁড়িপাল্লা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৫১ বার।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিজয়ের পথে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জামায়াত মনোনীত ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ইতোমধ্যে ২০ কেন্দ্রে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে ড. মাসুদ বিজয়ী হতে চলছেন এমন আভাস পাওয়া যাচ্ছে—এমটিই ভাবছেন সাধারণ ভোটার ও বিশ্লেষকরা।

 

উপজেলার নাজিপুর ছোট ডালিমা কেন্দ্রের ভোটার নুরুল মোমেন জানান, ড. মাসুদের বিজয় এখন সময়ের ব্যবধান মাত্র। বিপুল ভোটে বিজয় হচ্ছেন তিনি। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারের ভোটব্যাংক হিসেবে পরিচিত কেন্দ্রগুলোতেই ড. মাসুদ এগিয়ে থাকায় এমনটাই প্রমাণ হতে চলছে।

 

জামায়াতের উপজেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরী এসএ ইনস্টিটিউট, চন্দ্রদ্বীপের বিভিন্ন কেন্দ্র, নাজিরপুরের সুলতানাবাদ দাখিল মাদ্রাসা, নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়, বড়ডালিমা আযাদ সরকারি প্রাইমারি, মদনপুরা দরগাবাড়ি, পূর্বকালাইয়া, বামনিকাঠি, কেশবপুর ডিগ্রি কলেজ, মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রসহ ২০ কেন্দ্রের ফলাফলে ড. মাসুদের দাঁড়িপাল্লা ১৮,১৪৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বী সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৯,৫৪৩ ভোট।

 

ড. মাসুদের নির্বাচনি প্রচার সেলের আতিকুল ইসলাম নজরুল এশিয়া পোস্টকে জানান, মাঠ পর্যায়ের মৌখিক খবর যা আসছে, তাতে ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা বিজয়ের পথে।

 

সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০০ জন। দুজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।