বগুড়ার ১৩ উপজেলায় হবে ১৩টি মিনি স্টেডিয়াম- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬ ২১:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া বগুড়া শহরের তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ১১৫টি ইউনিয়নেও সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়া হবে।

 

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের তারুণ্যনির্ভর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। তরুণদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলোয়াড়দের অবসরকালীন সরকারি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

মীর শাহে আলম বলেন, বগুড়ার মাটি থেকে জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। সারা বছর খেলাধুলা চালু রাখতে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে জাতীয়ভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসার টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

 

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন বক্তব্য দেন। 

 

এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও নবসৃষ্ট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল মুখোমুখি হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।