বগুড়ার ভাটকান্দিতে জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ নিল সিটি প্রশাসক স্বাধীন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ১৯:২২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ নিরসনে বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ভাটকান্দি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। 

 

 

সোমবার বিকেলে সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন সরেজমিনে এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার স্থানীয় মানুষদের নানাবিধ সমস্যার কথা শুনেন এবং সমস্যাগুলো সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 

 

পরিদর্শনকালে স্থানীয়রা জানান, ভাটকান্দি এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল সড়ক, ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশনের কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে জনসাধারণের চলাচল, শিক্ষার্থীদের যাতায়াত এবং কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। তাই উন্নত সড়ক, ব্রিজ, কালভার্ট ও ড্রেনেজ নির্মাণের দাবি জানান তারা।

 

 

এ সময় সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বলেন, বগুড়ার জলাবদ্ধতা আজকের সমস্যা নয়; এটি প্রায় ২০ থেকে ২৫ বছরের দীর্ঘস্থায়ী সংকট। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে জমে থাকা পানি দ্রুত করতোয়া নদীতে নিষ্কাশিত হতে পারে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সমস্যা সমাধানে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন।

 

 

২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আখেনুর ইসলাম রাসেল মন্ডল বলেন, গত ২০ বছর ধরে ভাটকান্দি উন্নয়ন থেকে বঞ্চিত। এলাকায় কোনো বিদ্যালয় ও খেলার মাঠ না থাকায় শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিকাশ ব্যাহত হচ্ছে। তাই একটি বিদ্যালয়, খেলার মাঠ, উন্নত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি। এসব উন্নয়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং তরুণদের সুস্থ বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

 

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, মহানগর যুবদল সহ-সভাপতি রুহুল আমিন, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস কুদ্দুস চাঁন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল সভাপতি মনিরুল ইসলাম মনির, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসরাফিল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুজন মাষ্টার, শ্রম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন, শহিদুল মন্ডল, মানিক সরকার, ইমরান সরকার, কাওসার বাবু, আ: মান্নান, মান্নান মোল্লা, আল-আমিন সরকার, লিটন মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

স্থানীয় বাসিন্দারা সিটি প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নকাজ বাস্তবায়িত হলে ভাটকান্দির দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।