শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমন (উফশী) ধানের বীজ ও সার বিতরণ

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ ১৮:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমন (উফশী জাত) ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

 

  সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান হিমু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা ইসলাম মিতু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, সদস্যসচিব নুরুল ইসলাম নূর।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কুসুম্বী, খামারকান্দি, খানপুর, সুঘাট ও সীমাবাড়ী ইউনিয়নে ৪০০ জন করে, গড়িদহ, বিশালপুর ও ভবানীপুর ইউনিয়নে ৪১০ জন করে, মির্জাপুর ইউনিয়নে ৩৮৫ জন, শাহবন্দেগী ইউনিয়নে ২৫৫ জন এবং শেরপুর পৌরসভায় ৩০ জন কৃষকের মাঝে রোপা আমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে মোট ৩ হাজার ৯০০ জন কৃষক এ প্রণোদনার আওতায় উপকৃত হয়েছেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল রোপা আমনের আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের যথাযথ পরিচর্যার মাধ্যমে অধিক ফলন অর্জনেরও পরামর্শ দেওয়া হয়েছে।