পবিত্র আশুরা উপলক্ষে আদর্শ স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ১০মহরম পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুল অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, সুমনা খাতুন, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে মাওলানা আব্দুস সালাম বলেন, দশই মহরম হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিষ্টাব্দ) এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, হযরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের ৭২ জন সদস্য কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদের বিশাল বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। খেলাফত দখল করে ইসলামি মূল্যবোধ ধ্বংস করতে চেয়েছিল, তখন ইমাম হোসেন (রা.) তাঁর কাছে মাথা নত করেননি। দশই মহরম কেবলই কান্নাকাটি বা আনুষ্ঠানিক শোক প্রকাশের দিন নয়। এটি আত্মশুদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক চিরন্তন চেতনা। সমাজে যখনই কোনো অবিচার, জুলুম বা অসত্য মাথাচাড়া দিয়ে উঠবে, কারবালার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে, নিজের জীবন দিয়ে হলেও সত্যের পথে অবিচল থাকতে হবে। ফ্যাসিস্ট শাসকরা কোনদিন স্থায়ী হতে পারেনা।