আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান আলাল পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড

প্রকাশ: ১৫ জুন ২০২৬ ২০:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০ বার।

সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

 

 

শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

 

 

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় হাসান আলী আলাল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয়। আমাদের জাতীয় কবির স্মৃতির সঙ্গে যুক্ত এমন একটি সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে। পুরস্কার কর্মের স্বীকৃতি, আর এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে।

 

 

তিনি আরও বলেন, সকলের সঙ্গে মিলেমিশে জীবনযাপন এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের অবহেলিত মানুষকে আলোর পথে নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানুষের সেবার চেয়ে মহৎ কাজ আর নেই। এই আদর্শকে ধারণ করেই আমাদের প্রতিষ্ঠান সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণে অবদান রেখে যাচ্ছে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, জাসদের সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।

 

 

উল্লেখ্য, মানবতার কল্যাণ, শিক্ষা বিস্তার এবং সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসান আলী আলাল। তার নেতৃত্বে আকবরিয়া লিমিটেড প্রতিদিন মধ্যরাতে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় পরিচালনা, ইসলামি শিক্ষার জন্য মক্তব প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া এতিম ও দরিদ্র মানুষের খাদ্য, বস্ত্র ও শিক্ষা সহায়তা, দরিদ্র নারীদের সেলাই মেশিন প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে মাদকমুক্ত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। 

 

 

মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও বহু জাতীয় ও সামাজিক সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন সমাজসেবক ও আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। তার অর্জিত সম্মাননা ও পদকগুলো শুধু তাকেই সমৃদ্ধ করেননি, সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে শহীদ জিয়ার জন্মভূমি বগুড়ার মাটি ও মানুষকেও৷