বগুড়ায় শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাইম মুস্তাকিম (১৭) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর এলাকার মাদ্রাসা মোড়ে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুব জামায়াতের সহ সভাপতি বেলাল হোসেন, পৌর যুব জামায়াতের সভাপতি সোহাগ মিয়া, উপজেলা শিবির সভাপতি আসিফ খান, বগুড়া জেলা শিবিরের অফিস সম্পাদক আব্দুস সোবহান, চন্দনবাইশা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু মিয়া, হত্যার শিকার আব্দুল্লাহ সাইম মুস্তাকিমের বোন শিরিনা আক্তার, তার সহপাঠী শিক্ষার্থী জাকারিয়া ইসলাম প্রমুখ।
পরে শিক্ষার্থীরা মোস্তাকিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৮ দফা দাবির মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। আব্দুল্লাহ সাইম মুস্তাকিম হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ২১ মে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাইম মুস্তাকিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।