নওগাঁয় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার তিন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হামিদ(৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে।
ঘটনায় জড়িত থাকার মামলায় প্রতিপক্ষের এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন শাহ (৪০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। রবিবার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশিয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
সন্ধ্যায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তাৎক্ষণিক তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।